রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট ক্ষোভের সুযোগে রাজধানীর ধানমন্ডিতে বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানটে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে সংঘটিত এ হামলায় প্রতিষ্ঠানটির বিভিন্ন ফ্লোর সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ছায়ানট প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ভবনের ভেতরজুড়ে ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপ। ভাঙচুরের পর আগুনে পোড়া বাদ্যযন্ত্র, বই ও আসবাবপত্র পড়ে আছে চারদিকে। ভবনটি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, ছায়ানট ভবনের নিচতলা থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। অফিসকক্ষ, ক্যান্টিন ও অডিটোরিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে। পঞ্চম তলার লাইব্রেরিতে অগ্নিসংযোগ করা হলে সেখানে সংরক্ষিত বহু দুষ্প্রাপ্য ও ঐতিহ্যবাহী বই ও নথিপত্র আগুনে পুড়ে যায়। ভবনের ভেতরে থাকা তবলা, হারমোনিয়াম, তানপুরা ও অন্যান্য বাদ্যযন্ত্র ভেঙে ফেলা ও পুড়িয়ে দেওয়া হয়েছে। মাটির তৈরি চারুকর্ম ও শিল্পকর্মও ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তবে তার মৃত্যুকে কেন্দ্র করে ছায়ানটের মতো একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এমন হামলা আমাদের কাছে সম্পূর্ণ বোধগম্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।
তিনি আরও বলেন, হামলায় ছায়ানটের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। তদন্ত শেষে প্রকৃত ক্ষতির চিত্র জানা যাবে। তবে বহু নথিগতভাবে গুরুত্বপূর্ণ ও দুষ্প্রাপ্য বই এবং কাগজপত্র পুড়ে যাওয়ায় সাংস্কৃতিকভাবে বড় ধরনের ক্ষতি হয়েছে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান বলেন, সকাল থেকে ছায়ানট এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সহিংসতার মধ্যে বৃহস্পতিবার রাত ১টার পর একদল বিক্ষোভকারী ছায়ানট ভবনের সামনে জড়ো হয়। রাত দেড়টার দিকে তারা ভবনের বিভিন্ন ফ্লোরে ঢুকে পরিকল্পিতভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।
রিপোর্টার্স২৪/এসসি