| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবাদপত্রের ওপর হামলা

‘মব জাস্টিস’ রুখে দাঁড়ান: সারা হোসেন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৫:৫৮:৩৬:অপরাহ্ন  |  ১০৭৩৮২৭ বার পঠিত
‘মব জাস্টিস’ রুখে দাঁড়ান:  সারা হোসেন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিকরা। একইসাথে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানিয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ভবন দুটি পরিদর্শন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেন তারা।

সমাবেশে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন সরকারের ভূমিকা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালনকে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “সংবাদপত্রের ওপর হামলা কেবল ভবনের ওপর আক্রমণ নয়, এটি দেশের স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টার অংশ। এ ধরনের ঘটনা ‘মব জাস্টিস’ বা আইন হাতে তুলে নেওয়ার চরম বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “একের পর এক জাতীয় সংবাদপত্রের অফিসে সহিংসতা চালানো হলেও প্রশাসনের নীরবতা অমার্জনীয়। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রধান দায়িত্ব হলো নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা। আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান অনুপস্থিতি এ দায়িত্ব থেকে বাঁচাতে পারে না।”

শরীফ ওসমান হাদির মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, “কোনও হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অজুহাতে সংবাদপত্রের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার যদি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে ব্যর্থ হয়, তবে তাদের শাসনের নৈতিক ভিত্তি প্রশ্নের মুখে পড়বে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা পূর্বপরিকল্পিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাই এর মূল লক্ষ্য। তাই কেউ আইন হাতে তুলে না নিন।” তিনি আরও যোগ করেন, “ওসমান হাদিকে ১২ ডিসেম্বর গুলি করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তারপরও হত্যাকারীদের ধরা হয়নি। উল্টো ভিন্ন মানুষকে ধরে রাখা হচ্ছে। এ দায় নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রয়োজন।”

উল্লেখ্য, ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলিবিদ্ধ করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান। এরপর একই রাতে একদল বিক্ষুব্ধ ব্যক্তি প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলা চালান।

প্রতিবাদ সমাবেশে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪