সিনিয়র রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’ এর মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) শোকবার্তায় উপদেষ্টা বলেন, হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এক অকুতোভয় যোদ্ধা, নির্ভীক কণ্ঠস্বর ও সাহসী সংগঠক। অন্যায়-অবিচার, শোষণ-নির্যাতন ও দমন-পীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান ছিল মজলুম ও গণতন্ত্রকামী মানুষের কাছে অফুরন্ত প্রেরণার উৎস। তিনি ছিলেন লাখো মানুষের মনে জন্ম নেওয়া অসীম সাহস, বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তার ভূমিকা তাকে অমর ও চিরস্মরণীয় করে রাখবে। শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণ দেশের জন্য অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হওয়ার নয়। তার বীরত্ব, সাহস ও দেশপ্রেমের কথা এ জাতিকে যুগে যুগে অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব