| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: ফারুকী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৮:২৯:৫৮:অপরাহ্ন  |  ৩৮৩৬৩৯ বার পঠিত
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: ফারুকী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ছায়ানট ভবনে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ধানমন্ডির শংকর এলাকায় অবস্থিত ছায়ানট ভবন পরিদর্শনে যান সংস্কৃতি উপদেষ্টা। এ সময় তিনি ভবনের ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং ছায়ানটের সংগঠক পার্থ তানভীর নভেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফারুকী বলেন, ‘সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের আইনের আওতায় আনার কাজ চলছে। এই হামলায় ছায়ানট ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করা হবে। প্রতিষ্ঠানটি পুনরায় চালু করতে সরকার আর্থিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দেবে।’

তিনি আরও বলেন, ‘এই শোকের মুহূর্তে একটি হঠকারী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ছায়ানটের মতো একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালানো শুধু ফৌজদারি অপরাধ নয়, এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী।’

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সংস্কৃতি উপদেষ্টা জানান, ছায়ানট ভবনের নিরাপত্তা ইতোমধ্যে জোরদার করা হয়েছে। ভবনের বাইরে বিজিবি ও পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গেও আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ফারুকী বলেন, ‘এটি অবশ্যই নির্বাচন বানচাল করার একটি ষড়যন্ত্র। আজ আমাদের আলোচনার মূল বিষয় হওয়া উচিত শহীদ শরিফ ওসমান হাদি। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ চায় না।’

ঘটনাটি ঘিরে সাংস্কৃতিক অঙ্গনসহ সারাদেশে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪