রিপোর্টার্স২৪ডেস্ক: জুলাই অভ্যুত্থানের অন্যতম আইকন শরিফ ওসমান বিন হাদি-এর নির্মম হত্যার পর গণমাধ্যম ও ভিন্নমতের ওপর অভূতপূর্ব ধ্বংসাত্মক আক্রমণের ঘটনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, টার্গেটেড শুটিংয়ে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে সরকারের ব্যর্থতা, এমনকি পার্শ্ববর্তী দেশে পালাতে সহায়তা করার অভিযোগের কারণে গণরোষের ফলে সৃষ্ট অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার ঝুঁকি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকার অদূরদর্শী ও অদক্ষ প্রমাণিত হয়েছে। যার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারবে না।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, কর্তৃত্ববাদী শাসনের পতনের পর বিজয়ের দাবিদার শক্তির একাংশের আক্রোশপূর্ণ ও প্রতিশোধপ্রবণ আচরণ রাষ্ট্র ও সমাজে নতুন দমনমূলক প্রবণতা তৈরি করছে। এর সরাসরি শিকার হয়েছে মুক্ত গণমাধ্যম, ভিন্নমত ও বাকস্বাধীনতা। পরিস্থিতি মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
তিনি উল্লেখ করেন, এই ধারাবাহিকতায় প্রথম আলো, ডেইলি স্টার-সহ শীর্ষস্থানীয় গণমাধ্যমে ভাঙচুর ও অগ্নিসংযোগ, দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরের ওপর হামলা, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট-এ হামলা এবং দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা সংঘটিত হয়েছে। এসবকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যায় না; বরং এগুলো মুক্তচিন্তা, ভিন্নমত ও স্বাধীন মতপ্রকাশ দমন করার পরিকল্পিত প্রচেষ্টা।
ড. ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্ববাদী শাসনামলে পদদলিত মানবিক মূল্যবোধ ও মৌলিক মানবাধিকার আজ একই দমনমূলক বাস্তবতায় ফিরে এসেছে। বিগত ১৬ বছরে যারা অধিকারহরণের শিকার হয়েছেন, তারা এখনও মুক্ত গণমাধ্যম ও ভিন্নমতের অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই অভ্যুত্থানের চেতনা ও মূল্যবোধ চরম হুমকির মুখে।
তিনি আরও বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট আবেগাপ্লুত পরিস্থিতি পুঁজি করে স্বার্থান্বেষী মহল সহিংসতা উসকে পরিস্থিতি আরও ধ্বংসাত্মক দিকে ঠেলছে। হাদির হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ কর্তৃপক্ষের জবাবদিহি এবং মুক্ত গণমাধ্যম ও নাগরিক অধিকারের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর, সমন্বিত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানাই। না হলে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, সামাজিক স্থিতিশীলতা, একাত্তরের মূল্যবোধ ও জুলাই অভ্যুত্থানের আদর্শ গভীর সংকটে পড়বে।
রিপোর্টার্স২৪/এসসি