সাভার প্রতিনিধি: শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক আদেশে তাকে মেডিসিন বিভাগের অধ্যাপক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। আদেশটি ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ফেসবুকে ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে কেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টের মন্তব্যে ওসমান হাদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন ডা. তাজিন আফরোজ শাহ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
রিপোর্টার্স২৪/বাবি