রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। চোরাচালান দমন, মাদক ও নারী-শিশু পাচার প্রতিরোধে বাহিনীটি সীমান্তে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।
শনিবার (২০ ডিসেম্বর) ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে জনগণের জানমাল সুরক্ষায় বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনা, পুশইনসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বিজিবি দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে, যা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজিবি দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এ অঞ্চলের সুদীর্ঘ ইতিহাস ও গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক।
তিনি স্মরণ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজিবির দুজন বীরশ্রেষ্ঠসহ ১১৯ জন খেতাবপ্রাপ্ত সদস্য এবং ৮১৭ শহীদের আত্মত্যাগ এই বাহিনীর ইতিহাসকে চিরভাস্বর করে রেখেছে।
মুক্তিযুদ্ধের পর দেশমাতৃকার কল্যাণে বিভিন্ন সময়ে যেসব সদস্য জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা করেন ড. ইউনূস। একই সঙ্গে বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম