রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল থেকেই লাখো মানুষ সমবেত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিছিল করে সংসদ ভবনের চারপাশে জড়ো হতে শুরু করেন। নিরাপত্তা নিশ্চিত করতে চীনের তৈরি আটটি আর্চওয়ে গেট বসানো হয়। এসব গেটের মাধ্যমে হাজারো মানুষ সুশৃঙ্খলভাবে দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।
দুপুর ২টায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন দিক থেকে ছাত্র ও জনতা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জানাজাস্থলে প্রবেশ করছেন। নির্ধারিত সময়ের আগেই পুরো এলাকা ভরে ওঠে মানুষের ঢলে।
নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র্যাব, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্বে রয়েছেন। জানাজার অপেক্ষমাণ প্রবাসী কামরুল হাসান বলেন, হাদি ছিলেন সাহস ও প্রতিবাদের প্রতীক। এমন একজন মানুষের জানাজায় অংশ নেওয়া আমাদের জন্য সম্মানের বিষয়। আমরা ভেবেছিলাম তিনি রাজপথে আবার নেতৃত্ব দেবেন, কিন্তু আল্লাহ তাকে অন্যভাবে কবুল করেছেন। এ বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন।”
শহীদ ওসমান হাদির প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা এমন দৃশ্য তুলে ধরেছে যে, পুরো এলাকা জানাজার আগেই মানুষে পূর্ণ হয়ে গেছে।
রিপোর্টার্স২৪/ঝুম