রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাপূর্ব বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আজ আমরা হাদিকে বিদায় দিতে আসিনি। হাদি সব বাংলাদেশির বুকে থাকবে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শুরুর আগে আবেগঘন বক্তব্যে তিনি বলেন, শরিফ ওসমান হাদি কোনো নির্দিষ্ট ব্যক্তি নন তিনি সাহস, প্রতিবাদ ও ন্যায়ের প্রতীক। এই চেতনাই আগামী দিনে জাতিকে পথ দেখাবে।
এর আগে সকালে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিশাল মিছিল নিয়ে মরদেহ আনা হয় মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।
শনিবার সকাল থেকেই সংসদ ভবন ও আশপাশের এলাকা মানুষের ঢলে পরিণত হয়। দুপুর ১টার দিকে ফার্মগেট, বিজয় সরণি, আসাদগেটসহ আশপাশের সব সড়ক জনসমুদ্রে রূপ নেয়। উপস্থিত মানুষজন স্লোগান দেন। আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না।
ইনকিলাব মঞ্চ জানায়, পরিবারের ইচ্ছানুযায়ী শহীদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানান, শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
শোক, শ্রদ্ধা ও প্রতিবাদের মিলনে পুরো সংসদ এলাকা এদিন পরিণত হয় এক ঐতিহাসিক আবেগঘন জনসমুদ্রে।
রিপোর্টার্স২৪/ঝুম