রিপোর্টার্স২৪ডেস্ক: ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ নামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে গত সাত দিনে সারাদেশে ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় অভিযানে ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে পুলিশি তৎপরতায় ২০ হাজার ৩৩৩টি মোটরসাইকেল ও ১৭ হাজার ৯২৩টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় ৩৫৬টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর গত ১৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভায় এই অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যেই ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ চালু করা হয়েছে।
এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পর সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।
রিপোর্টার্স২৪/বাবি