| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী ঘনিষ্ঠতায় তারেকের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১২:১০:৩০:অপরাহ্ন  |  ১০৭১৩৫৮ বার পঠিত
আওয়ামী ঘনিষ্ঠতায় তারেকের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু প্রত্যাহার

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন ঢাকা সফরকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ও নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া কেবিন ক্রুরা হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দুই কেবিন ক্রুর সঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতার ঘনিষ্ঠতার ছবি ছড়িয়ে পড়ে। বিশেষ করে তারা নিয়মিত আওয়ামী লীগের নেতা শেখ সেলিমের ফ্লাইট পরিচালনায় যুক্ত ছিলেন—এমন তথ্য সামনে আসার পর গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হয়।

তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন।

বিমান সূত্র আরও জানায়, গোয়েন্দা প্রতিবেদনে কেবিন ক্রুদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ থাকায় তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে ফ্লাইটটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি বছরের ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪