রিপোর্টার্স২৪ডেস্ক: দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের ছবি ও পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়ার ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ময়মনসিংহে এক হিন্দু ধর্মাবলম্বী পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এটি অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। কোনোভাবেই আইন হাতে নিতে দেওয়া হবে না এবং এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়েছে।
মব জাস্টিস প্রসঙ্গে খালিদ হোসেন বলেন, সরকার এসব ঘটনা নিরুৎসাহিত করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা অব্যাহত রয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনায় সরকার কোনোভাবেই সহনশীল নয় বলেও তিনি মন্তব্য করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে ধর্ম উপদেষ্টা বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সরকার একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ বজায় রাখতে সক্রিয় রয়েছে।
একই রাতে বিভিন্ন স্থানে হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আগাম সবকিছু জানা সবসময় সম্ভব নয়। তবে গোয়েন্দা তথ্য পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে অনেক ক্ষেত্রে বড় ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি