রিপোর্টার্স২৪ডেস্ক: মেঘনা–গোমতী সেতুর টোল আদায়ে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (২১ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক তানজিল হাসান আবেদনটি করেন, শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী এমএ মান্নান, সাবেক সচিব এমএএন ছিদ্দিক, অতিরিক্ত সচিব ফারুক জলিল, উপসচিব মোহাম্মদ শফিকুল করিম, প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল ও ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও আবদুস সালাম এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালে টোল আদায়ের দায়িত্ব দিতে আগের দরপত্র ইচ্ছাকৃতভাবে বাতিল করে একক উৎসভিত্তিক দরপত্রের মাধ্যমে সিএনএস লিমিটেডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করা হয়। এতে মোট টোল আদায়ের ১৭ দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়, যা আগের ও পরের চুক্তির তুলনায় কয়েকগুণ বেশি।
দুদকের হিসাবে, এ অনিয়মের মাধ্যমে সরকারের প্রায় ৩০৯ কোটি ৪২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। ওবায়দুল কাদেরসহ মামলার কয়েকজন আসামিও বর্তমানে ভারতে অবস্থান করছেন।
রিপোর্টার্স২৪/এসসি