রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তার ফেরার দিনে ঢাকা ও আশপাশে ভ্রমণ পরিকল্পনা থাকা মার্কিন নাগরিকদের জন্য ঢাকার মার্কিন দূতাবাস জরুরি নির্দেশনা দিয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) প্রকাশিত বার্তায় বলা হয়েছে, ওই দিন সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ঢাকা শহরের পূর্বাচল এক্সপ্রেসওয়ে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলোতে বিএনপি একটি বড় সমাবেশ আয়োজন করবে। এই কর্মসূচি তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে।
দূতাবাস সতর্ক করেছে, সমাবেশের কারণে তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে। তাই ঢাকা শহরে বা আশপাশে ভ্রমণকারীদের অতিরিক্ত সময় নিয়ে চলা এবং বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের তাদের বিমান টিকিট ও ভ্রমণসংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং পুলিশ চেকপয়েন্টে প্রয়োজনে তা প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে।
রিপোর্টার্স২৪/আয়েশা