| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন সাংবাদিক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৯:৩৫:৩১:অপরাহ্ন  |  ১০৬৭০৯৬ বার পঠিত
ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন সাংবাদিক
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: কূটনীতি বিষয়ক প্রতিবেদনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন সাংবাদিককে ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ও সদস্য লেখক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। জুরি বোর্ডের প্রধান রিয়াজ আহমেদের সঙ্গে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এবার প্রিন্ট ক্যাটাগরিতে দৈনিক আমাদের সময়-এর কূটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন, টেলিভিশন ক্যাটাগরিতে যমুনা টেলিভিশন-এর ফরেন অ্যাফেয়ার্স এডিটর মাহফুজুর রহমান মিশু এবং অনলাইন ক্যাটাগরিতে সারাবাংলা ডট নেট-এর কূটনৈতিক প্রতিবেদক অপূর্ব কুমার পিকে সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেন, বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় কূটনৈতিক সাংবাদিকরা পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তারা দেশের স্বার্থে পেশাদার সাংবাদিকতার মাধ্যমে আরও কার্যকর অবদান রাখবেন।

জুরি বোর্ডের প্রধান ও ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকতা বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির কারণে অন্যান্য বিটের সাংবাদিকতা থেকে আলাদা। তিনি জানান, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী কূটনৈতিক সাংবাদিকরা আঞ্চলিক অনেক দেশের তুলনায় বেশি পেশাদার।

অনুষ্ঠানে ডিক্যাবের সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবার ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড চালু করা হয়। এবার ছিল এর দ্বিতীয় আয়োজন। এ বছর তিনটি ক্যাটাগরির বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। একই অনুষ্ঠানে ডিক্যাবের সৃজনশীল লেখালেখির সঙ্গে যুক্ত চার সদস্যকে লেখক সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- ডিবিসি নিউজের ইশরাত জাহান উর্মি, দেশকাল নিউজের মাসুদ করীম, ভিউজ বাংলাদেশের রাশেদ মেহেদী ও আলাপের নাহিদ হোসেন।

অনুষ্ঠান শেষে ডিক্যাব তার সদস্য ও সদস্য পরিবারের জন্য স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪