সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ রোববার (২১ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে আসামি যদি দেশের বাইরে চলে যান, তাহলে তদন্ত মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এজন্য তার বিদেশ যাত্রা রোধ করা প্রয়োজন।
মামলার নথি অনুযায়ী, ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তরা শরীফ হাদির মাথায় গুলি চালায়। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
হাদির মরদেহ ১৯ ডিসেম্বর দেশে আনা হয় এবং ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে দাফন করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি