স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামের একজন ব্যক্তি আহত হয়েছেন। রোববার(২১ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মহাখালীর টিবি গেটের পাশে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউট এলাকায় এই ঘটনা ঘটে।
নাজিমুদ্দিন ওই নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের সাইট ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, প্রকল্পটিকে কেন্দ্র করে চাঁদা দাবির ঘটনাই গুলির মূল কারণ বলে মনে করা হচ্ছে।
নাজিমুদ্দিনের ছোট ভাই আজিমউদ্দিন জানিয়েছেন, সন্ত্রাসীরা বিকেলে সাইটে এসে একজন প্রকৌশলীকে খুঁজছিল। এ সময় তারা নাজিমুদ্দিনকে মারধর করে তার পায়ে গুলি চালিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাজিমুদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুরে এবং তিনি বর্তমানে রাজধানীর নাখালপাড়ায় বসবাস করেন।
বনানী থানার ওসি খালিদ মুনসুর জানিয়েছেন, গুলির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি