সিনিয়র রিপোর্টার: শেরপুরে একনেক অনুমোদিত গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
সোমবার (২২ ডিসেম্বর) তিনি শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও তাকে অবহিত করা হয়।
প্রায় ১ হাজার ৮২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পটি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যদিও ভূমি অধিগ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়েছে, তবে প্রকল্পটি সম্পন্ন হলে শেরপুর ও ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেরপুরে একনেক প্রকল্পভুক্ত সড়কগুলোর মধ্যে শেরপুর-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। পাশাপাশি বনগাঁও-নন্নী সড়ক প্রশস্তকরণ এবং শেরপুর-নকলা-ফুলপুর-ময়মনসিংহ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হয়েছে, যা জেলার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে।
তবে ভূমি অধিগ্রহণে বিলম্বের কারণে ময়মনসিংহ জেলার কিছু অংশে এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাকিরুল ইসলাম, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রুহুল আমিন খানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/এসসি