| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল গাজীপুর, বন্ধ ৩১ কারখানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১৩:৩৩:৪১:অপরাহ্ন  |  ৭১ বার পঠিত
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল গাজীপুর, বন্ধ ৩১ কারখানা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

শ্রমিক বিক্ষোভ ও উত্তপ্ত পরিস্থিতির কারণে মঙ্গলবার নতুন করে গাজীপুরের পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর আগে সোমবার (১৬ নভেম্বর) থেকে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সব মিলিয়ে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে বন্ধ রয়েছে ৩১টি কারখানা।

মঙ্গলবার সকাল থেকে ভোগড়া, চৌরাস্তা ও তিন সড়ক এলাকাসহ বিভিন্ন স্থানে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ১১টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ চলছিল।

অবরোধের কারণে মহাসড়ক দুটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এ সময় মহাসড়কে চলাচলকারী কয়েকটি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া, চৌরাস্তা ও তিন সড়ক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা যথারীতি বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যান। তবে কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন শুরু করেন তারা।

পরিস্থিতি বিবেচনায় ভোগড়া এলাকার পাঁচটি কারখানাসহ বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি ঘোষণার পর শ্রমিকরা দলবদ্ধভাবে কারখানা থেকে বেরিয়ে আসেন। এ সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শ্রমিকদের একটি অংশ মহাসড়কের পাশে এবং বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন। পরে বিক্ষোভকারীদের অবস্থানের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) শ্রমিক অসন্তোষের কারণে কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মঙ্গলবার নতুন করে আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করায় বন্ধ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১টিতে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের জেরে কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি কারখানা আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে ভোগড়া এলাকার পাঁচটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটি ঘোষণার পর বেশ কিছু শ্রমিক মহাসড়কে নেমে আসেন।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪