| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭৫ হাজারে বিক্রি

মেঘনায় ধরা পড়ল ৬ মণ ওজনের শাপলা পাতা মাছ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ২২:০৩:৫০:অপরাহ্ন  |  ৩১১৬৮৭ বার পঠিত
মেঘনায় ধরা পড়ল ৬ মণ ওজনের শাপলা পাতা মাছ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৬ মণ ওজনের একটি বিরল প্রজাতির শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে মাছটি ‘হাউস মাছ’ নামে পরিচিত। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মাছটি উপজেলার বড়খেরী মাছঘাটে নিলামে তোলা হলে ৭৫ হাজার টাকায় বিক্রি হয়।

জানা গেছে, রামগতি উপজেলার দক্ষিণে মেঘনা নদীর মোহনায় জেলে কীর্তন মাঝির জালে মাছটি ধরা পড়ে। বিশাল আকৃতির মাছটি দড়ি দিয়ে বেঁধে বাঁশে ঝুলিয়ে ১২ জন জেলে নৌকা থেকে বড়খেরী মাছঘাটে নিয়ে আসেন। দূর থেকেই মাছটির বড় আকার নজরে পড়ে। পরে মোতালেব বেপারীর আড়তে মাছটি নিলামে তোলা হয়।

নিলামে স্থানীয় পাইকারি মাছ ব্যবসায়ী কৃষ্ণ বেপারী সর্বোচ্চ দর হাঁকিয়ে ৭৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছটি এতটাই ভারী ছিল যে, ১২ জন জেলে একসঙ্গে নৌকা থেকে নামিয়ে ডাঙায় তুলতে পারছিলেন না। পরে পাশের একটি ট্রলারের জেলেদের সহায়তায় মাছটি ডাঙায় তোলা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে মাছঘাট এলাকায় উৎসুক জনতার ভিড় জমে।

আড়তদার মোতালেব বেপারী জানান, সম্প্রতি মেঘনা নদীর বিভিন্ন এলাকায় শাপলা পাতা মাছ ধরা পড়ছে। সাধারণত এই মাছ সাগরে থাকে, তবে স্রোতের টানে নদীর দিকে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কীর্তন মাঝি মাছটি তার আড়তে নিয়ে এলে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

মাছ ক্রেতা কৃষ্ণ বেপারী বলেন, হাউস মাছ খুব একটা পাওয়া যায় না। এর চাহিদাও বেশ ভালো। আশা করছি, কেনা দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারব।

মাছ বিক্রেতা কীর্তন মাঝি বলেন, অনেক দিন ধরেই জালে ভালো মাছ ধরা পড়ছিল না। এতে সংসার চালাতে কষ্ট হচ্ছিল। এত বড় শাপলা পাতা মাছ ধরা পড়ায় ৭৫ হাজার টাকায় বিক্রি করতে পেরে খুবই খুশি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪