ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট : পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশে অবস্থিত সব ভারতীয় ভিসাকেন্দ্র (আইভ্যাক) পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পরিদর্শনকালে আইভ্যাক কর্মকর্তারা হাইকমিশনারকে জানান, সম্প্রতি বিপুল সংখ্যক জাল ও ভুয়া নথি জমা পড়ছে। পাশাপাশি দালাল ও মধ্যস্বত্বভোগীরা সার্ভারে হ্যাকের চেষ্টা করে কৃত্রিম চাপ সৃষ্টি করছে, যার ফলে প্রকৃত আবেদনকারীরা বৈধ অ্যাপয়েন্টমেন্ট থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে প্রণয় ভার্মা বলেন, এসব সমস্যা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে তিনি ভিসা প্রত্যাশীদের দালাল ও মধ্যস্বত্বভোগী এড়িয়ে বৈধ প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানান।
ভারতীয় হাইকমিশনের তথ্যমতে, গত সপ্তাহে নিরাপত্তাজনিত কারণে ঢাকার ভারতীয় ভিসা সেন্টার একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তা পুনরায় চালু করা হয়। ওই দিন যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিকল্প তারিখে ভিসা আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।
চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও মানবিক বিবেচনায় চিকিৎসাসহ জরুরি ভিসাসেবা চালু রাখতে সচেষ্ট রয়েছে ভারতীয় হাইকমিশন। বর্তমানে ঢাকা ছাড়াও খুলনা, সিলেট ও রাজশাহীর আইভ্যাক কেন্দ্রগুলোতে ভিসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তবে চট্টগ্রামের আইভ্যাক কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রয়েছে। গত ১৮ ও ১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামে সহকারী হাইকমিশনারের প্রবেশপথে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
রিপোর্টার্স২৪/এসসি