সিনিয়র রিপোর্টার: উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে পুলিশের উচ্চ পর্যায়েও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এসব পরিবর্তনের ঘোষণা আসতে পারে বলে সরকারের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল থাকবেন বলে জানা গেছে।
এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে; এমন আলোচনা চলছে প্রশাসনিক অঙ্গনে।
সূত্রের দাবি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর সংগঠনটির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের দাবি ওঠে। সেই প্রেক্ষাপটেই এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচ্চপর্যায়ে পরিবর্তনের সরকারি সিদ্ধান্ত আজই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি