| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১০:৫৫:১১:পূর্বাহ্ন  |  ১০৫৯৯০৮ বার পঠিত
ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তাকে মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলা হয়। তলবের প্রক্রিয়া পরিচালনা করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, সকাল ৯টা ৪০ মিনিটে মন্ত্রণালয়ে উপস্থিত হন প্রণয় ভার্মা। প্রায় পাঁচ মিনিটের মধ্যে তিনি আসা-যাওয়ার প্রক্রিয়া শেষ করে মন্ত্রণালয় ত্যাগ করেন।

কূটনৈতিক সূত্র জানায়, নয়াদিল্লি ও কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোকে ঘিরে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটেই ভারতের হাইকমিশনারকে তলব করা হয়েছে। বৈঠকে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও ভিসা সেবাকেন্দ্রগুলোকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশি মিশনের সামনে একাধিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও বিক্ষোভকারীরা সরাসরি ভিসা সেবাকেন্দ্রের কার্যক্রমে বাধা প্রদান করেছে।

এই পরিস্থিতির প্রেক্ষাপটে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সাময়িকভাবে কনস্যুলার ও ভিসা সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। হাইকমিশনের ফটকে টানানো নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম স্থগিত থাকবে। একইভাবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারেও সেবা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

কূটনৈতিক সূত্রের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভ, ভিসা সেন্টারে হামলা ও নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে দিল্লির কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাইকমিশনের সামনে একদল বিক্ষোভকারীর উপস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক বক্তব্য বিনিময় হয়। বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হওয়া প্রতিবেদনকে ভারতের পক্ষ বিভ্রান্তিকর হিসেবে মন্তব্য করলেও, ঢাকা তা প্রত্যাখ্যান করেছে।

চলতি মাসের শুরুতে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনাও ঘটে, যা দুই দেশের কূটনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করে। এসব ঘটনার ধারাবাহিকতায় ভারতে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর নিরাপত্তা এখন একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে।

এর আগেও বিভিন্ন ইস্যুতে ঢাকায় নিযুক্ত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের অবস্থানকালে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার চেষ্টা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার অভিযোগ তুলে বাংলাদেশ সরকার ভারতের প্রতি কড়া আপত্তি জানিয়েছিল।

সেই সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সরকারের কাছে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানায়। কূটনৈতিক পর্যায়ে এসব ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪