ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি হিসেবে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কালা চাঁন শেখ (৪০)। তিনি সদর উপজেলার ভুল্লি থানার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত এবং ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ও বালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।
পুলিশের তথ্য অনুযায়ী, নিজ বাড়ি থেকে ভুল্লি থানা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ঠাকুরগাঁও সদর থানায় আনার সময় তিনি অসুস্থতা অনুভব করেন। প্রথমে তাঁকে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখা হলেও আদালতে পাঠানোর প্রস্তুতিকালে দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে ঠাকুরগাঁও সদর থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে পৌরসভার চৌরাস্তা ট্রাফিক মোড়ে কয়েক শ লোক দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, ককটেল ও বোমা নিয়ে হামলা চালায়। এতে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ও সাধারণ মানুষ আহত হন। গুলিবিদ্ধ হয়ে একাধিক ব্যক্তি গুরুতর জখম হন, যাঁদের কয়েকজনের চোখে স্থায়ী ক্ষতির আশঙ্কা রয়েছে।
হামলার একপর্যায়ে হামলাকারীরা ঠাকুরগাঁও শহরের বিএনপি জেলা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের ভেতরে থাকা ল্যাপটপ, টেলিভিশন, ফ্রিজ, এসি, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। পুলিশ জানিয়েছে, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মামলার বাদী সত্যজিৎ কুমার কুণ্ডু জানান, হামলার সময় তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। পরিকল্পিতভাবে আন্দোলন বানচাল করতেই এই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক রমজান আলী বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। চিকিৎসা শেষে তাঁকে আদালতে হাজির করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/এসএন