গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী এলাকায় অবস্থিত কনসেপ্ট পোশাক কারখানায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন দুই শতাধিক শ্রমিক। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের মধ্যে অনেককে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কারখানা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা গেছে, সকালে নিয়মিত কাজ শুরুর পর দুপুর সাড়ে ১২টার দিকে একের পর এক শ্রমিক বমি, মাথা ঘোরা ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। অনেকে কাজের ফ্লোরেই লুটিয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে কারখানা থেকে বের হওয়ার সময় দৌড়াদৌড়ির মধ্যে কয়েকজন শ্রমিক পড়ে গিয়ে আহত হন।
আহত ও অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, অধিকাংশ শ্রমিক মাথা ঘোরা, বমি ও দুর্বলতায় ভুগছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইকবাল চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার ভেতরে গ্যাস লিকেজ অথবা তীব্র কোনো গন্ধের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে পারেন। এ ধরনের উপসর্গে সাধারণত বমি ও মাথা ঘোরা দেখা দেয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান বলেন, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন এবং কোনো দুর্ঘটনা ঘটেছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে কারখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করলেও বিস্তারিত জানাতে অনীহা প্রকাশ করেছে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও গণমাধ্যমকর্মীদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
রিপোর্টার্স২৪/এসসি