| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশেষ ট্রেন দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করলো লালমনি এক্সপ্রেস

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৭:২৬:৫৫:অপরাহ্ন  |  ১০৬৯৫০৪ বার পঠিত
বিশেষ ট্রেন দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করলো লালমনি এক্সপ্রেস

লালমনিরহাট প্রতিনিধি : তারেক রহমানের প্রত্যাবর্তনে ঢাকা যেতে বিশেষ ট্রেনের দাবিতে ৫ ঘণ্টা লালমনিরহাট রেলপথ অবরোধ করেছে বিএনপি'র নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করে রাখে জেলা বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

জানা যায়, দীর্ঘ প্রতীক্ষার পরে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনে তাকে দেখতে রাজধানী ঢাকা যাবে জেলা বিএনপি'র সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী ও বিএনপি ভক্তরা। এজন্য ২৪ ডিসেম্বর রাতে লালমনিরহাট থেকে রাজধানী ঢাকার জন্য গামী ভাড়ায় চালিত একটি ট্রেন বরাদ্দ চেয়ে গত ১৯ ডিসেম্বর রেল কর্তৃপক্ষকে আবেদন জানায় লালমনিরহাট জেলা বিএনপি। সেই আবেদন নাকচ করে সোমবার রাতে রেল কর্তৃপক্ষ জানায়, বিশেষ ট্রেনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। রেলভবনের এমন সিদ্ধান্তে ফুঁসে উঠে বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রেলভবনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিএনপি'র নেতাকর্মীরা। এ সময় তারা লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে শুয়ে পড়েন। দীর্ঘ সময় অপেক্ষার পরে লালমনি এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতী ঘোষণা করতে বাধ্য হয়। সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেতে পারেনি। বাধ্য হয়ে যাত্রীদের টাকা ফেরত দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে চরম ভোগান্তিতে পড়েন লালমনিরহাট থেকে ঢাকার যাত্রীরা।

অবশেষে রেলওয়ের বিভাগীয় ম্যানেজার অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন। তাদের দাবির সঙ্গে একাত্ম ঘোষণা করে পুনরায় বিশেষ ট্রেনের আবেদনটি রেলভবনে পাঠান এবং ২৪ ডিসেম্বর বিশেষ ট্রেন দেয়ার আশ্বাস দিলে বিকেল ৩টায় অবরোধ তুলে নেয় বিএনপি'র নেতাকর্মীরা।

লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস জানান, প্রিয় নেতাকে দীর্ঘ দিন পরে দেখতে হাজার হাজার নেতাকর্মী প্রস্তুতি নিয়েছিলো ঢাকা যাওয়ার জন্য। নেতাকর্মীদের পরিবহনের জন্য আমরা যথাযথ প্রক্রিয়ায় রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি বিশেষ ট্রেন চেয়ে। তারা শেষ মুহূর্তে এসে ট্রেন বরাদ্দ নেই বলে জানায়। এতে অল্প সময়ে আমরা বিকল্প কোন সিদ্ধান্ত নিতে পারিনি। রেলভবন যদি এখনও সিদ্ধান্ত নিত, আমরা প্রিয় নেতার অনুষ্ঠানে উপস্থিত হতে পারতাম। তাই রেলপথ অবরোধ করেছিলাম। পরে রেলওয়ের কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ একদিনের জন্য স্থগিত করা হয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশেষ ট্রেন না দিলে বুধবার সকালে আবারও অবরোধ করা হবে। আশা করি রেল বিভাগের শুভবুদ্ধি উদয় হবে।

লালমনিরহাট রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন, রেলপথ অবরোধের কারণে ৫ ঘণ্টা পরে লালমনিরহাট ছেড়ে গেছে লালমনি এক্সপ্রেস ট্রেন।

লালমনিরহাট রেলওয়ে স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার বাবু আল রশিদ বলেন, অবরোধের কারণে লালমনি এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, পদ্মরাগ, পার্বতিপুরগামী ৬৩ নং কমিউটার ট্রেন আটকা পড়ে। পরে অবরোধ তুলে নিলে সকল ট্রেন ধীরে ধীরে বিলম্বে যাত্রা শুরু করে। লালমনি এক্সপ্রেস বিকেল ৩টায় রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আবু হেনা মোস্তফা কামালের সরকারি নম্বরে একাধিকবার ফোন করেও তিনি রিসিভ না করার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪