খাগড়াছড়ি প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সনাতনী সমাজের উদ্যোগে শহরের শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তারা গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পিটিয়ে ও মধ্যযুগীয় কায়দায় আগুনে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা জানান। এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। দেশব্যাপী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও তোলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন খাগড়াছড়ি সনাতনী সমাজসহ সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুশীল সমাজের প্রতিনিধি সুদর্শন দত্ত, লোকনাথ সেবা আশ্রমের পরিচালক তরুণ কুমার ভট্টাচার্য্য, হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা এবং অন্যান্যরা।
রিপোর্টার্স২৪/এসএন