সিনিয়র রিপোর্টার: বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি আতপ চালের চাহিদা বাড়ায় আরও চাল আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়ছে। কারণ চীন ব্যাপক পরিমাণে চাল কিনছে, যা মূলত ভিয়েতনাম থেকে আমদানি করছে। এতে বৈশ্বিক বাজারে কিছুটা প্রভাব পড়ছে। তবে এবার সরকার যে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে, তার দাম গতবারের তুলনায় কিছুটা কম হবে, যা দেশের জন্য স্বস্তির।
তিনি জানান, মরক্কো থেকে ৯০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হচ্ছে। এ ছাড়া আরও ৪০ হাজার মেট্রিক টন সার আসবে। পাশাপাশি ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। রমজানকে সামনে রেখে আগাম প্রস্তুতির অংশ হিসেবেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া বাজারে পর্যাপ্ত রাইস ব্র্যান অয়েল সরবরাহ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/এসসি