| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ২১:৫৬:০৮:অপরাহ্ন  |  ১০৭৭৯৫৬ বার পঠিত
আবারও ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ শিকার শেষে ফেরার পথে দুটি ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে।

আটক হওয়া ট্রলার দুটি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া নৌঘাট ও টেকনাফের কায়ুকখালিয়া ঘাটের বলে জানা গেছে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, গভীর সাগরে মাছ ধরে ফেরার সময় বঙ্গোপসাগরের মোহনা থেকে দুটি ট্রলারসহ ১৩ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। পরে তাদের মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের একটি খালে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় জেলেপল্লিগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

একটি ট্রলারের মালিক আব্দুল জলিল বলেন, সকালে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মাঝিসহ সাতজন জেলে ও একটি ট্রলার নিয়ে যায় আরাকান আর্মি। এর ফলে জেলেদের মধ্যে ভয় ও উদ্বেগ বেড়েছে, অনেকেই সাগরে যেতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম বলেন, দুটি ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ১০ মাসে নাফ নদ ও সংলগ্ন সীমান্ত এলাকা থেকে অন্তত ৩৫০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির সহায়তায় তাদের মধ্যে প্রায় ২০০ জনকে বিভিন্ন সময়ে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনো আনুমানিক ১৫০ জন জেলে আটক রয়েছে। এ কারণে উপকূলীয় অঞ্চলে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪