| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনায় চারদিন পর মামলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ২৩:৪৭:৪৬:অপরাহ্ন  |  ১০৮৩৬০৯ বার পঠিত
লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনায় চারদিন পর মামলা
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে বিএনপি নেতার ঘরের দরজায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৭ বছরের শিশু আয়েশা আক্তার নিহতের চারদিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিহত আয়েশার বাবা ও ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন অজ্ঞাতনামাদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলাটি করেন। রাতে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় নিজ বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন বেলাল হোসেন। এ সময় দুর্বৃত্তরা ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় শিশু আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

এ ঘটনায় বেলাল হোসেন ও তার দুই কন্যা বিথী আক্তার এবং স্মৃতি আক্তার গুরুতরভাবে দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে দুই মেয়েকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার চারদিন পার হলেও এখনো দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন মহল।

সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, আগুন দেওয়ার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং প্রকৃত দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর সদর হাসপাতালে গিয়ে বেলাল হোসেনকে দেখতে যান। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে বেলাল হোসেনের হাতে ৪ লাখ টাকা সহায়তা তুলে দেওয়া হয়।

পরে তারা বেলাল হোসেনের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা ও ঘর নির্মাণে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বিএনপি নেতারা নিহত শিশু আয়েশা আক্তারের কবর জিয়ারত করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪