তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা ও আগুনে পুড়িয়ে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামে দিপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ সময় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন রবিশংকর আচার্য্য, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, কেন্দ্রীয় কমিটির সহ মহিলা সম্পাদিকা উষা আচার্য্যসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দিপু চন্দ্র দাসের পিতা রবিলাল চন্দ্র দাস ও স্ত্রী মেঘনা রবিদাস চেক গ্রহণ করেন।
এ সময় বিপ্লব দে পার্থ বলেন, ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যার মতো ঘটনা নতুন নয়। বিচারহীনতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান। পাশাপাশি নিহতের স্ত্রী ও পিতার জন্য সরকারি চাকরি এবং তার ১৫ মাস বয়সী কন্যার দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার আহ্বান জানান।
প্রকৌশলী আশুতোষ দাশ বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কেন ঘটছে, তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। হত্যাকারীরা যেন কেউ ছাড় না পায়, সে দাবি জানাচ্ছি।
রিপোর্টার্স২৪/বাবি