| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএফসির যোগ্যতা অর্জনে বাড়বে মার্কিন বিনিয়োগ: মাহদী আমিন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১৩:৩৬:০০:অপরাহ্ন  |  ১৮৮ বার পঠিত
ডিএফসির যোগ্যতা অর্জনে বাড়বে মার্কিন বিনিয়োগ: মাহদী আমিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ খাতে মার্কিন বিনিয়োগ পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এর ফলে দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পে মার্কিন অর্থায়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ সুগম হতে পারে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, এই যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের বৃহৎ প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি অনেক সহজ হবে। এ অর্জনকে সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

তিনি বলেন, অতীতে শ্রমবিরোধী বিভিন্ন নীতিমালার কারণে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন বাংলাদেশে আসেনি, বরং দীর্ঘদিন তা বন্ধ ছিল। বর্তমান গণতান্ত্রিক অভিযাত্রা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি বৈশ্বিক আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ হচ্ছে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন।

তিনি আরও বলেন, গত নয় মাসে সরকারের নীতিমালার ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন দেখা যাচ্ছে এ সিদ্ধান্তে। ডিএফসির মাধ্যমে বাংলাদেশের প্রয়োজনীয় বড় প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসবে বলে সরকার আশা করছে। এতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।

বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মাহদী আমিন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। বিনিয়োগের পরিবেশ উন্নত করতে সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। এর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ ও স্বনির্ভরতার দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের পেছনে শ্রমিকবান্ধব নীতিমালার ভূমিকার কথা তুলে ধরেন মাহদী আমিন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর নির্বাচিত সরকার শ্রমিকদের স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। এ লক্ষ্যে শ্রম আইন পাস করা হয়েছে। সরকারের এসব উদ্যোগে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, অনুপ্রাণিত হয়েছে।

তবে ডিএফসির অর্থায়ন কোনো প্রকল্পের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হবে না বলে জানান মাহদী আমিন। তিনি বলেন, প্রতিটি প্রকল্প আলাদাভাবে যাচাই-বাছাই করে অর্থায়নের বিষয়টি বিবেচনা করা হবে। প্রকল্পভিত্তিক এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ আনার উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪