কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মুরাদনগরে তানজিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর সদর এলাকার গোমতী সেতুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী রুবেল (৩২), নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে। তানজিনা ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের কয়েক দিন পর থেকেই রুবেল যৌতুকের দাবিতে তানজিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
নির্যাতন সহ্য করতে না পেরে সোমবার (২২ ডিসেম্বর) তানজিনা মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি জানতে পেরে রুবেল মঙ্গলবার দুপুরে জনসম্মুখে তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রুবেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/বাবি