| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১০:৩৮:৫০:পূর্বাহ্ন  |  ১০৭১৫৬২ বার পঠিত
রাজধানীতে বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ভোরের দিকে ঠান্ডা বাতাস ও হালকা কুয়াশায় শীতের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রায় সামান্য হ্রাসের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। ভোর ও সকালবেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যা যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি করতে পারে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ, যা ঠান্ডার অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪