রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুরের বাজার স্বস্তিদায়ক রাখতে আমদানিতে উল্লেখযোগ্য হারে শুল্ক কমিয়েছে সরকার। খেজুর আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ হ্রাস করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২৪ ডিসেম্বর) এনবিআরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এবং রমজান মাসে খেজুরের দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে এই শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
এনবিআর জানায়, পবিত্র রমজান মাসে খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সরকার ২৩ ডিসেম্বর জারি করেছে। নতুন এই সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
শুধু আমদানি শুল্কই নয়, খেজুর আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়করেও ছাড় বহাল রাখা হয়েছে। এনবিআর জানায়, বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ধরনের ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি গত বছর খেজুর ও অন্যান্য ফল আমদানিতে অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রয়েছে।
আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে এই উল্লেখযোগ্য পরিমাণ ছাড়ের ফলে আসন্ন রমজান মাসে দেশে খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে এবং বাজারদর সাধারণ ভোক্তাদের নাগালের মধ্যেই থাকবে বলে আশা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
এ সিদ্ধান্তে খেজুর আমদানিকারক ও সাধারণ ভোক্তাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
রিপোর্টার্স২৪/ঝুম