রিপোর্টার্স২৪ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। এ ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় বাংলাদেশকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।
বার্তাসংস্থা পিটিআই জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্ত চেয়েছে ভারত। এ উপলক্ষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পিটিআইয়ের খবরে বলা হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ ওঠায় বিষয়টি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে ওসমান হাদি নিহত হওয়ার পর ঢাকায় ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়। এ ঘটনার পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, এর আগে একই দিনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ। পররাষ্ট্রসচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানান এবং ভারতে কর্মরত বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।
উল্লেখ্য, চলতি মাসের ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সে সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাওয়া হয়।
এর ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারত। এক সপ্তাহ না যেতেই তাকে আবারও পাল্টা তলব করল দেশটি। সূত্র: পিটিআই
রিপোর্টার্স২৪/এসসি