রিপোর্টার্স২৪ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত ও সুষ্ঠু রাখতে ভোটের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত ও সুষ্ঠু রাখতে ভোটের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত বিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৪ (৪) অনুযায়ী নির্বাচনি তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের আগ পর্যন্ত সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল থেকে কোনও ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান ঘোষণা, বরাদ্দ বা অর্থ অবমুক্ত করতে পারবেন না।
চিঠিতে আরও বলা হয়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় প্রার্থী বা সংশ্লিষ্ট কেউ সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সম্পত্তি—অফিস, যানবাহন, মোবাইল ফোন, টেলিফোন, ওয়াকিটকি কিংবা অন্য কোনও সুযোগ-সুবিধা নির্বাচনি কাজে ব্যবহার করতে পারবেন না। এমনকি মাশুল দিয়েও এসব ব্যবহার করা যাবে না। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কোনও অবস্থাতেই নির্বাচনি কাজে ব্যবহার করা যাবে না।
এছাড়া আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৪ (৩) অনুযায়ী কোনও প্রার্থী নির্বাচনের আগে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনও প্রকল্পের অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করতে পারবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় অনুদান বা ত্রাণ বিতরণ কার্যক্রম থেকেও বিরত থাকতে নির্দেশ দিয়েছে ইসি।
তবে আগে অনুমোদিত কোনও প্রকল্পে অর্থ অবমুক্ত করা নিতান্ত প্রয়োজন হলে এ বিষয়ে নির্বাচন কমিশনের পূর্বানুমতি নিতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ইসি জানায়, উপরোল্লিখিত বিধান লঙ্ঘন করলে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ২৭ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি শাস্তির আওতায় পড়বেন।
রিপোর্টার্স২৪/এসসি