বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ‘লিডার আসছে’ স্লোগানে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বেনাপোল বলফিল্ড থেকে এ মিছিলটি শুরু হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে আনন্দ মিছিলটি বেনাপোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বলফিল্ডে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ ও কুদ্দুস আলী বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন প্রমুখ।
আনন্দ মিছিলের আগে এক পথসভায় আয়োজকরা বলেন, আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে তারেক জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।
রিপোর্টার্স২৪/এসএন