লক্ষ্মীপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর আগামী (২৫ ডিসেম্বর) দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলা থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। এ উপলক্ষে লক্ষ্মীপুর থেকে কয়েকশ মাইক্রোবাস ও বেশ কিছু বাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এছাড়া লঞ্চে করেও জেলার নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।
জেলার নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে সব প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। ইতোমধ্যে জেলার পাঁচটি উপজেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় যেতে দিকনির্দেশনা দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব।
বিএনপি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের সঙ্গে দেশ ছেড়ে যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার আগমনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকেই লক্ষ্মীপুরের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এতে জেলার প্রায় ৫০ হাজার মানুষ তাদের প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করে নিতে ঢাকায় যাবেন। এছাড়াও পাঁচটি উপজেলার সব পৌরসভা ও ৫৮টি ইউনিয়নের নেতাকর্মীরা নিজ নিজ এলাকা থেকে সুবিধাজনক সময়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই দলের নেতাকর্মী ও সমর্থকসহ দেশবাসীর মধ্যে এক ধরনের উচ্ছ্বাস তৈরি হয়েছে। তাকে বিমানবন্দরে স্বাগত জানানোর বিষয়ে লক্ষ্মীপুরের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন জেলার নেতারা। স্মরণকালের সেরা সংবর্ধনা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দল। জেলা-উপজেলা নেতৃত্ব থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের কর্মীরাও এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করছেন।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের এই ক্ষণটি উদযাপন করতে চান লক্ষ্মীপুরের নেতাকর্মীরা। সবার মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় নেতাকে একনজর দেখার ইচ্ছা পুষে রেখেছেন অনেকেই। জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুসহ লক্ষ্মীপুরের সংসদীয় আসনে মনোনয়নপ্রাপ্ত নেতাদের নির্দেশনায় ঢাকায় যাওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। লক্ষ্মীপুর থেকে ৫০ হাজার নেতাকর্মী প্রিয় নেতাকে বরণ করতে ঢাকায় যাবেন। দলবদ্ধভাবে যাওয়ার পাশাপাশি ব্যক্তিগত গাড়ি বা নিজস্ব ব্যবস্থাপনায়ও এক থেকে দুই দিন আগে নেতাকর্মীরা ঢাকার পথে রওনা হবেন।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বলেন, লক্ষ্মীপুর জেলার প্রতিটি ইউনিট ও ওয়ার্ড কমিটি থেকে শুরু করে জেলা কমিটি পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলীয় ও স্থানীয় উদ্যোগে ইতোমধ্যে বাস, হায়েস, নোহা কিংবা ট্রাক-পিকআপে করে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখতে মোটরসাইকেল চালিয়েও অনেকে ঢাকার পথে রওনা হয়েছেন। আমাদের নেতার জন্য অপেক্ষায় আছে পুরো দেশবাসী। সেদিন দলের সর্বস্তরের নেতাকর্মীরা সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবেন। আমরা সেই প্রস্তুতির কাজ করছি। আশা করি এই অভ্যর্থনায় লক্ষ্মীপুর থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী অংশগ্রহণ করবেন।
রিপোর্টার্স২৪/এসএন