অভয়নগর (যশোর) প্রতিনিধি: ব্যস্ততম যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত মহাসড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ ট্রাক স্ট্যান্ড। সড়কের এক পাশ দখল করে অবৈধভাবে গড়ে তোলা এই পার্কিংয়ে প্রতিদিন মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকছে। ফলে সড়কজুড়ে স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটছে, সৃষ্টি হচ্ছে মারাত্মক যানজট। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার সড়কের কোথাও এক পাশে কোথাও দুই পাশে লোড করা অথবা খালি ট্রাক সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ কারণে সড়ক সংকুচিত হয়ে তীব্র যানজট সৃষ্টির পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, ভাঙাগেটে ট্রাক টার্মিনাল থাকা সত্ত্বেও এই এলাকায় সড়কের ওপর সব সময় ট্রাক দাঁড়িয়ে থেকে রাস্তায় যানজটের সৃষ্টি করে।
এই সড়কে নিয়মিত চলাচলকারী নাজির হোসেন বলেন, শিল্প ও বাণিজ্য নগরী নওয়াপাড়াতে অনেক ঘাট, গোডাউন, কয়লা, বালি ও সারের ড্যাম্প রয়েছে। কিন্তু তাদের নিজস্ব কোনো পার্কিং না থাকায় মালামাল ওঠানামা করার জন্য সড়কের ওপর ট্রাক দাঁড়িয়ে থেকে তীব্র যানজটের সৃষ্টি করে।
মহাসড়ক সংলগ্ন নির্মিত ব্রিজ স্কেলগুলোরও নিজস্ব পার্কিং নেই। এসব ব্রিজ স্কেল ব্যবহারের জন্য মহাসড়কের ওপর থাকে ট্রাকের দীর্ঘ সারি।
যশোর-খুলনা সড়কের বাসচালক বেলাল জানান, সড়কের পাশে এমনভাবে গাড়িগুলো থাকে মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যেতে অনেক কষ্ট হয়। প্রতিদিনই আমাদের ছোট-বড় জ্যামের কবলে পড়তে হয়। এতে আমাদের সঙ্গে যাত্রীদেরও অনেক ভোগান্তি পোহাতে হয়।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, অবৈধ পার্কিং রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা বলে তাদের সহযোগিতা করতে বলেছি। ইউএনও মহোদয়ের সঙ্গে পরামর্শ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।
রিপোর্টার্স২৪/এসএন