গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার দুইটি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় একজন এনজিওকর্মী ও দুই শিশুসহ মোট চারজন আহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ও বিকেলে সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
সাঘাটা উপজেলায় ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাবিনা (৪০) নামের এক নারী প্রাণ হারান। তিনি উপজেলার চিনিরপটল এলাকার শাহ আলমের স্ত্রী। একই ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলাম, যিনি আশা এনজিওতে কর্মরত।
বুধবার দুপুরে সাঘাটা-চিনিরপটল সড়কের ওয়াপদা বাঁধের দক্ষিণ পাশে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন। পরে আহত মাহমুদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, একই দিন বিকেল পৌনে চারটার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেফালী বেগম (৩৪) নামের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার রেজাউল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রেজাউল ইসলাম তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য দুই ও তিন বছর বয়সী দুই সন্তানসহ মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সবাই ছিটকে পড়ে যান। এ সময় শেফালী বেগম ট্রাকের চাকায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত রেজাউল ইসলাম ও দুই শিশুকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেফালী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। তার স্বামী ও দুই শিশু আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন