| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ড্রোন ওড়ানো নিষিদ্ধ: ডিএমপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৮:১৭:৫৭:অপরাহ্ন  |  ১০৪১৪৬১ বার পঠিত
বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ড্রোন ওড়ানো নিষিদ্ধ: ডিএমপি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান-২ পর্যন্ত সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএমপি অর্ডিন্যান্সে অর্পিত ক্ষমতাবলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারেক রহমানের গমনাগমন এলাকাজুড়ে যেকোনো ধরনের ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নিষিদ্ধ এলাকার মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জসিমউদ্দিন রোড হয়ে এয়ারপোর্ট রোড, কুড়িল ফ্লাইওভার, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, পূর্বাচল, এভারকেয়ার হাসপাতাল, এয়ারপোর্ট-টু-বনানী সড়ক, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান-২ সার্কেল হয়ে গুলশান নর্থ অ্যাভিনিউ পর্যন্ত তার বাসভবনের আশপাশের এলাকা।

ডিসি তালেবুর রহমান আরও জানান, অনুমোদনহীনভাবে ড্রোন উড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে বরণ করে নিতে বিএনপির পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মাঠ পর্যায়ে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) ও পুলিশ সমন্বিতভাবে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করবে। তার চলাচলের পুরো পথ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং এসব কার্যক্রম ডিএমপি সদর দফতর থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪