সিনিয়র রিপোর্টার: রাজধানীর মগবাজার মোড় এলাকায় বুধবার সন্ধ্যায় ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া হাত বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বিস্ফোরণটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার সময় ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমা বিস্ফোরিত হলে সিয়াম গুরুতর আহত হন এবং কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতের পরিবার জানায়, তিনি একটি ডেকোরেশন প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমাটি ফ্লাইওভারের ওপর থেকে নিক্ষেপ করা হয়েছে। তবে নিক্ষেপের কারণ এখনও নিশ্চিত হয়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
রিপোর্টার্স২৪/এসসি