চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের টিলারচর গ্রামে বলগেট থেকে পদ্মা নদীতে পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শ্রমিকের নাম আরিফ শেখ (৪৫), তিনি আলফাডাঙ্গা উপজেলার শৈলমারী গ্রামের মুজিবর শেখের ছেলে।
জানা যায়, গতকাল রাত সিএন্ডবি ঘাট থেকে পণ্য আনলোডের পর বলগেটটি জাকেরের শুরা পদ্মার পাড়ে অবস্থান করছিল। বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে বলগেট মাল আনতে রওনা হলে আরিফ শেখ বলগেট থেকে পড়ে যান। ঘটনাস্থলে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে দেখতে না পেয়ে নদীতে খোঁজ করতে শুরু করেন এবং পরে চরভদ্রাসন ফায়ার সার্ভিসকে খবর দেন।
ঘটনার পর ফরিদপুর নৌপুলিশ, ডুবুরী দল এবং ফায়ার সার্ভিস তল্লাশি অভিযান চালায়। উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন জানান, পদ্মা নদীর ওই এলাকায় প্রচণ্ড স্রোতের কারণে এখনও শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি।
ফায়ার ষ্টেশনের মাষ্টার মোর্তাজা ফকির বলেন, চব্বিশ ঘণ্টা পার হলে নিখোঁজ শ্রমিকের লাশ স্বাভাবিকভাবেই ভেসে ওঠার সম্ভাবনা থাকে। তাই আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা করে পুনরায় তল্লাশি অভিযান চালানো হবে।
রিপোর্টার্স২৪/এসসি