রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে এক ব্যক্তি ভাঙচুর চালিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে হঠাৎ করে ওই ব্যক্তি ক্যান্টিনে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ ছাত্রদলের ব্যানার ভাঙচুর শুরু করেন। এ সময় ক্যান্টিনে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।
মধুর ক্যান্টিনের মালিক অরুণ কুমার দে বলেন, ঘটনার সময় আমি এখানে উপস্থিত ছিলাম না। পরে এসে কর্মচারীদের কাছ থেকে বিষয়টি জানতে পারি। লোকটি কোথা থেকে এসেছে, তা জানা যায়নি। ভাঙচুরের পর প্রক্টরিয়াল টিম তাকে আটক করে নিয়ে গেছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রক্টরিয়াল টিম তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে। লোকটি মাটিতে গড়াগড়ি করছিল। তার আচরণ দেখে তাকে মানসিক বিকারগ্রস্ত মনে হয়েছে।
ঘটনায় ক্যান্টিনে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি