গাইবান্ধা প্রতিনিধি: সন্ধ্যা নামলেই কনকনে শীতে বিপাকে পড়ছেন ছিন্নমূল মানুষরা। প্লাস্টফর্মে পড়ে থাকা প্লাস্টিক, কাগজ ও কাঠকুড়ি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এক অসহায় বৃদ্ধা। এমনই করুণ চিত্র দেখা গেছে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা রেলস্টেশনে।
সরেজমিনে দেখা যায়, স্টেশনের পূর্ব পাশের প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছেন প্রায় ২০–৩০ জন ছিন্নমূল মানুষ। এদের কারও স্থায়ী ঠিকানা নেই। সারাদিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে রাতে তারা রেলস্টেশনেই অবস্থান নেন। তাঁদের মধ্যে কেউ কেউ মানসিক ভারসাম্যহীন, আবার অনেকে ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল। শীত মৌসুম এলেই তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
পুরাতন প্ল্যাটফর্মের উত্তর পাশে এক বৃদ্ধাকে প্লাস্টিক বিছিয়ে পাতলা একটি কম্বল গায়ে জড়িয়ে ঘুমানোর চেষ্টা করতে দেখা যায়। কথা হলে তিনি বলেন, যাওয়ার মতো কোনো জায়গা নেই। শীতবস্ত্র কেনার টাকাও নেই।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল এসব মানুষের পাশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের এগিয়ে আসার দাবি জানিয়েছে সচেতন মহল।
রিপোর্টার্স২৪/বাবি