স্টাফ রিপোর্টার: প্রকল্প বাস্তবায়নে মারাত্মক গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার। তিনি বলেন, নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হলে একদিকে সরকারি অর্থের অপচয় কমবে, অন্যদিকে জনগণ সময়মতো সুফল পাবে—কারণ প্রকল্প বাস্তবায়ন হয় জনগণের অর্থেই।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) ২০২৫’-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনা সচিব বলেন, বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো বন্ধ করে সময়মতো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে এক ধরনের দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে যেতে হচ্ছে, যা থেকে বেরিয়ে আসা জরুরি। বিশেষ করে স্বাস্থ্যখাতের অবস্থা নাজুক উল্লেখ করে তিনি বলেন, বিপুল বিনিয়োগ সত্ত্বেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না, বরং কিছু প্রকল্প স্থগিত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
চলমান প্রকল্পের তদারকি জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অনেক প্রকল্প বৈদেশিক ঋণে বাস্তবায়িত হচ্ছে, অথচ কাজ শেষ হওয়ার আগেই ঋণ পরিশোধের সময় এসে যাচ্ছে। এ অবস্থা এড়াতে প্রকল্প মনিটরিং আরও কার্যকর করতে হবে।