| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড়দিনে খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ০৬:০২:২৬:পূর্বাহ্ন  |  ১০৬৩২১৮ বার পঠিত
বড়দিনে খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

সিনিয়র রিপোর্টার: বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা।

শুভেচ্ছা বক্তব্যে খ্রিস্টান ধর্মীয় নেতারা বিশ্বজুড়ে ড. মুহাম্মদ ইউনূসের সুনাম ও দেশের অর্থনৈতিক উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ বলেন, যিশু খ্রিস্টের ক্ষমা ও মানবসেবার আদর্শকে সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বড়দিন উদযাপিত হচ্ছে। তিনি প্রধান উপদেষ্টার প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ গঠনে জনগণের আস্থার প্রতিফলন তাঁর দায়িত্বশীল নেতৃত্বে দেখা যাচ্ছে।

প্রধান উপদেষ্টা বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি সুস্থ সমাজ গড়তে গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে, যা গণভোটের মাধ্যমে বাস্তবায়নের পথে এগোবে। তিনি জানান, এবারের সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে এবং জনগণের রায়ের ভিত্তিতেই ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে।

এ সময় তিনি নির্বাচন ও গণভোট বিষয়ে জনগণকে সচেতন করতে ধর্মীয় নেতাদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে বড়দিন উপলক্ষে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান ট্রাস্টের নেতারা। পরে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন প্রধান উপদেষ্টা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪