| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে অগ্নিসংযোগের ভয়াল পরিণতি: দগ্ধ হয়ে আরও এক কন্যার মৃত্যু, শোকস্তব্ধ পরিবার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১০:৩৮:১৪:পূর্বাহ্ন  |  ২৯৩১৭০ বার পঠিত
লক্ষ্মীপুরে অগ্নিসংযোগের ভয়াল পরিণতি: দগ্ধ হয়ে আরও এক কন্যার মৃত্যু, শোকস্তব্ধ পরিবার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কন্যার মৃত্যু হয়েছে। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মারা যান তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)। এর আগে একই ঘটনায় প্রাণ হারায় তার ছোট মেয়ে আয়েশা আক্তার। ফলে এ ঘটনায় মোট দুই কন্যার মৃত্যু হলো।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ জানায়, গত ১৯ ডিসেম্বর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের আসবাবপত্রসহ পুরো ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু আয়েশা আক্তার।

এ ঘটনায় বেলাল হোসেন নিজে এবং তার দুই কন্যা সালমা আক্তার স্মৃতি ও অষ্টম শ্রেণির ছাত্রী সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হন। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। গুরুতর দগ্ধ স্মৃতি ও বিথিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। অপরদিকে বিথির শরীরের প্রায় ৫ শতাংশ দগ্ধ হয় এবং অবস্থার উন্নতি হলে তাকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত প্রাণ হারান।

এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার চার দিন পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে নিহতদের বাবা বেলাল হোসেন অজ্ঞাতদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি তালা বন্ধ অবস্থায় এবং একটি খোলা অবস্থায় পাওয়া যায়। ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আয়েশা আক্তারের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতিও মারা যায়। মামলা হয়েছে, আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।

এ ঘটনায় নিহত দুই কন্যাকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪