রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাসনের ১৭ বছরের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী সমাগম করেছেন।
মঞ্চ ও সমাবেশ প্রস্তুতি এবং নেতাকর্মীর উপস্থিতির কারণে বিমানবন্দরগামী প্রধান সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে। তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুর্মিটোলা, কুড়িল ও খিলক্ষেত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সাধারণ পথচারী ও যাত্রীদের ভোগান্তি বেশি। অনেকেই পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছেন, কেউ মালামাল মাথায় নিয়ে চলেছেন, আবার অনেকে সিএনজি বা বাইক ভাড়া করছেন, তবে সংখ্যা সীমিত।
মহাখালী এলাকায় তানিয়া রহমান বলেন, ময়মনসিংহ থেকে ট্রেনে এলাম, কিন্তু এখন আর মহাখালী যাওয়ার কোনো ব্যবস্থা পাচ্ছি না। ট্রেনও ভীড়পূর্ণ ছিল। ভাবিনি এতটা ভোগান্তি হবে।
ফিরোজ নামের এক যাত্রী বলেন, নরসিংদীতে যেতে চাই, কিন্তু কোনো বাস নেই। মালামাল মাথায় নিয়ে হেঁটে যাচ্ছি।
বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা মঞ্চে উপস্থিত হবেন তারেক রহমান। মঞ্চের আয়তন ৪৮ বাই ৩৬ ফুট। গত রোববার থেকে শ্রমিকরা দিন-রাত পরিশ্রম করে এটি তৈরি করেছেন। সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মোড় মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, এই অনুষ্ঠানে ৫০ লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করবে এবং এলাকা “মানুষের মহামিলন ও মহামেলায়”পরিণত হবে।
রিপোর্টার্স২৪/ঝুম